কম্পিউটারে যুক্ত হচ্ছে মানব মস্তিষ্ক!
মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। এই যোগাযোগ স্থাপনে এরই মধ্যে ‘নিউরালিঙ্ক’ নামের একটি কোম্পানি গড়েছেন তিনি। আর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই কাজের দৃশ্যমান উন্নতি সবার সামনে তুলে ধরা হবে।
এক টুইট বার্তায় নিউরালিঙ্ক বলেছে, ‘আগামী মঙ্গলবার গত দুই বছর ধরে আমরা যা করেছি, তার এক ঝলক সবাইকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ইন্টারনেটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
https://twitter.com/neuralink
২০১৬ সালে নিউরালিঙ্ক একটি মেডিকেল গবেষণা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি তখন বিশ্বের সব বিখ্যাত স্নায়ুবিজ্ঞানীদের নিয়োগ দেয়। তারা এখন এমন এক সূক্ষ্ম যন্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে, যা মানুষের মস্তিষ্কে বসানো যায়। এটি মানুষের স্মৃতিশক্তি বাড়ানো অথবা কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।
এদিকে সম্প্রতি কোম্পানির প্রতিষ্ঠাতা এলন মাস্ক বলেছেন, ‘আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক বুদ্ধিমত্তা ও কম্পিউটারের ডিজিটাল বুদ্ধিমত্তা এক হবে।কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের উচিত সাইবর্গ (মানুষ ও যন্ত্রের মিশ্রণ) প্রযুক্তি উদ্ভাবন করা’।
এছাড়া কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে, নিউরালিঙ্ক ৫১ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত ৩৯ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছে। এর আগে নিউরালিঙ্ক একটি পণ্যের পরীক্ষা চালিয়েছিল, যা মানুষের মস্তিষ্কের সঙ্গে একটি চিপের মাধ্যমে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করতে পারে।